
লোকসভা নির্বাচনে তোষণের রাজনীতিকে যোগ্য জবাব দিয়েছে দেশ।সংসদে জবাবি ভাষণে বিরোধীদের হট্টগোল-স্লোগানের মধ্যেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অষ্টাদশ লোকসভায় প্রথমবার ভাষণ দিতে উঠেই পদে পদে থামতে হয়েছে প্রধানমন্ত্রীকে। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন ভাষণে প্রধানমন্ত্রী বলতে উঠতেই বিরোধী শিবির থেকে স্লোগান শুরু হয়। মণিপুর-মণিপুর, তানাশাহি নেহি চলেগি’র মতো স্লোগান শোনা যায় বিরোধী সাংসদদের মুখে। সেই সব স্লোগান উপেক্ষা করেই বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এনডিএ-কে তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছে। ইন্ডিয়া জোটকে নয়।অনেকে হাজার অপপ্রচার করে, অসত্য ছড়িয়েও পরাজিত হয়েছে। তাই কষ্ট হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মনোভাবের জন্য দেশ তাদেরকে আশীর্বাদ করেছে। কংগ্রেসের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে তুষ্টিকরণের রাজনীতির সাক্ষী থেকেছে এবং তুষ্টিকরণের সর্বনিকৃষ্ট শাসনের মধ্যে দিয়ে গেছে।কিন্তু তাঁরা তুষ্টিকরণ নয় সন্তুষ্ঠিকরণের মানসিকতা নিয়ে চলেন। মানুষ কংগ্রেসকেও জনাদেশ দিয়েছে। সেটা বিরোধী আসনে বসে থাকার।
