বিসর্জন ঘিরে সংঘর্ষ, গার্ডেনরিচে মার খেলেন এসআই-সিভিক, কৃষ্ণনগরও

0
188
ছবি সৌজন্যে : নিজস্ব

সরস্বতী পুজোর বিসর্জনে এসআই এবং মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ ঘিরে ধুন্ধুমার গার্ডেনরিচ। বুধবার রাতে গার্ডেনরিচের পাহাড়পুর রোডের বাঁধাবটতলা এলাকায় শোভাযাত্রা যাওয়ার সময় গন্ডগোল বাধে।

পরিস্থিতি সামাল দিতে গার্ডেনরিচ থানার সাব ইন্সপেক্টর অরুণ মাইতি এবং মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত এসআই ও সিভিককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রবীন্দ্রনগর থানা এলাকার শিবনগর ইয়ং স্টার ক্লাবের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। সরকারি কর্মীদের কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এদিকে কৃষ্ণনগরের ঘূর্ণিতে সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে দুটো ক্লাবের সংঘর্ষে মাথা ফাটে ২ জনের। সংঘর্ষে আহত হয়েছেন আরও ৫ জন। এদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ঘূর্ণি এলাকার দুই ক্লাব দাসপাড়া বারোয়ারি এবং তুফান সংঘের সদস্যরা সরস্বতী পুজোর বিসর্জনের প্রস্তুতি নিচ্ছিল। অভিযোগ তখনই দাসপাড়া বারোয়ারি ক্লাবের সদস্যদের ওপর চড়াও হয় তুফান সংঘের সদস্যরা। এরপরেই দুই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

কৃষ্ণনগর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুক্লা বিশ্বাসের স্বামী নীতুরঞ্জন বিশ্বাসের নেতৃত্বেই হামলা চালানো হয় বলে অভিযোগ দাসপাড়া ক্লাবের সদস্যদের। এদিকে অনেক পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোয় ক্ষোভে ফেটে পড়েন দাসপাড়া ক্লাবের সদস্যরা।