
শিলিগুড়িতে পুলিশ ও আইবি পরিচয় দিয়ে বিহারের ২ যুবককে হেনস্থার অভিযোগে বাংলা পক্ষের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২ যুবককে হেনস্থার ভিডিও পোস্ট করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
জানা গিয়েছে আধা সামরিক বাহিনীর নিয়োগের ফিজিক্যাল টেস্ট দিতে শিলিগুড়ির রানিডাঙার একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন বিহারের ২ যুবক। সেখানেই বাংলা পক্ষের দুই সদস্য রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় ওই দুই যুবককে হেনস্থা করে বলে অভিযোগ। যদিও অভিযুক্ত রজত ভট্টাচার্য-র দাবি তিনি আইবি বা পুলিশের লোক বলে দাবি করেননি। রজত দাবি করেছেন বিহার এবং উত্তরপ্রদেশ থেকে অনেকেই জাল শংসাপত্র বানিয়ে এরাজ্যে এসে পরীক্ষা দেন। এবারও সেরকমই অভিযোগ পেয়ে গিয়েছিলেন। যে দুজনকে ধরেছেন তাদের পরিচয়পত্র জাল ছিল বলে দাবি করেছেন রজত।
