
বিহারে বাড়িতে ঢুকে প্রেমিকা, তাঁর বাবা এবং দিদিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিকের মা।
ঘটনাটি ঘটেছে বিহারের সারান জেলার ধনডি গ্রামের। মৃতেরা হলেন তারকেশ্বর সিং এবং তাঁর দুই নাবালিকা কন্যা। পুলিশ এই তিন জনকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে দুই যুবককে। ধৃতদের নাম সুধাংশু কুমার এবং অঙ্কিত কুমার। অভিযোগ, সুধাংশু কুমারের সঙ্গে তারকেশ্বর সিংয়ের এক কন্যার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কেন এই কাণ্ড তিনি ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।পুলিশ সূত্রে খবর, আচমকা তারকেশ্বর সিংয়ের বাড়িতে ঢোকেন অভিযুক্তেরা। ধারালো অস্ত্র ছিল তাদের হাতে। প্রাণ বাঁচাতে বাড়ির ছাদে উঠে পড়েছিলেন সকলে। সেখানেই তাদের একাধিক কোপ মারা হয় বলে অভিযোগ। পুলিশে খবর দেওয়া হয় জরুরি নম্বরে ফোন করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কিশোরীর মাকে উদ্ধার করে এবং হাসপাতালে পাঠায়। বাকিদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
