
বিহারে ভোটপ্রচারে গিয়ে মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর সমর্থক-অনুগামীরা।
জানা গিয়েছে, বিহারের পালিগঞ্জে একটি জনসভা করেছেন রাহুল গান্ধী। সেখানে প্রচুর জনসমাগম হয়েছিল। মঞ্চেও উপস্থিত ছিলেন প্রচুর কংগ্রেস নেতা-কর্মী। রাহুল গান্ধী মঞ্চে উঠতেই জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেন উপস্থিত কংগ্রেস কর্মী-সমর্থকরা। রাহুল গান্ধীও তাদের হাত নেড়ে অভিবাদন জানান। সেই সময়ই হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। হুড়মুড় করে পড়ে যাওয়ার আগেই মঞ্চের সকলেই নিজেদের সামলে নেন। নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধরে ফেলেন মঞ্চে উপস্থিত সকলেই। রাহুল গান্ধীকেও দেখা যায় আশপাশের সকলকে সাহায্য করতে। এরপর উঠে কয়েক পা এগোতে না এগোতেই ফের বসে যায় মঞ্চের সামনের অংশ। কোনওমতে হোঁচট খাওয়ার হাত থেকে রক্ষা পান রাহুল গান্ধী। নিজেকে সামলে নিয়েই ফের একবার সকলের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় কংগ্রেস নেতাকে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সামনে এসেছে।








