
কয়লাখনিতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত সাত জন শ্রমিকের।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের লোকপুরের ভাদুলিয়ায়।
এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু শ্রমিক তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধার করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হন সাত জন শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, তাঁদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আহত বেশ কয়েক জন শ্রমিক। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কয়লা উত্তোলনের সময় কয়লাখনিতে যে বিস্ফোরণ ঘটানো হয়, সে সময়েই কোনও ভাবে অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন জিএমপিএল-এর আধিকারিক এবং উপর তলার কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।








