
লাগাতার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়েছে। জানা যাচ্ছে ধসের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম রঘুবীর রাই।
তিনি দার্জিলিঙের সুখিয়া ব্লকের প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, সকালে আচমকাই ধস নামে এলাকায়। সেই বাড়িতেই ছিলেন রঘুবীর। ধস নামতেই বাড়ির অন্য সদস্যেরা বাইরে বেরিয়ে এলেও রান্না ঘরে আটকে পড়েন বৃদ্ধ। সেখানে ধসে চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। এ দিকে বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। পাশাপাশি বিপর্যয়ের জেরে রিম্বিক-দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। পাশাপাশি অনেক স্কুলও বন্ধ রয়েছে সেখানে। তবে জানা যাচ্ছে, দার্জিলিংয়ে এই মুহূর্তে কোনও পর্যটক আটকে নেই। আপাতত নিরাপদেই রয়েছেন তাঁরা।
