
দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। জানা গিয়েছে, বিবেক-র বিরুদ্ধে শ্যুটিং-র সময় বিভিন্ন রকমের অনৈতিক কাজকর্ম থেকে শুরু একাধিক বিষয়ে অভিযোগ ওঠার জন্য এফআইআর দায়ের হয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গে ব্যান করা হতে পারে দ্য বেঙ্গল ফাইলস।
এক্স পোস্টে এক ভিডিও বার্তায় এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। দ্য বেঙ্গল ফাইলস নিয়ে এতদিন ধরে চলা নানা বিতর্ককে একপাশে রেখে, সিনেমাটি মুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ অনুরোধ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করে বিবেক ব্যাখ্যা করলেন, কেন এই ছবি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া উচিত। ১৬ অগাস্ট কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস-র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বাধা পড়ে।
এরপরই পরিচালক বিবেকের দাবি, কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে বহু সিনেমাহল মালিকরা আতঙ্কে রয়েছেন এবং সমস্য়াকে এড়াতে এই ছবি দেখাতে চাইছেন না। শুধু তাই নয়, বিবেক জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকেই তাঁর বিরুদ্ধে বহু ভিত্তিহীন এফআইআর করা হয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েই রাজ্য প্রশাসনের কাছে ছবিটি শান্তিপূর্ণভাবে মুক্তি দেওয়ার অনুরোধ করেছেন বিবেক অগ্নিহোত্রী।





