বেঙ্গালুরুর হস্টেলে কাঁকসার তরুণীর ঝুলন্ত দেহ 

0
746
Hanging body of Durgapur nursing student in Bengaluru
Hanging body of Durgapur nursing student in Bengaluru

রান্নার কাজ করে নার্সিং পড়তে পাঠিয়েছিলেন বাবা, দুর্গাপুরের কাঁকসার সেই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বেঙ্গালুরুর হোটেলে। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী বছর ২০-র দিয়া মণ্ডল।

তিনি কাঁকসার গোপালপুরের সত্যনারায়ণ পল্লীর বাসিন্দা। মৃত তরুণীর বাবার দাবি, এক যুবক উত্ত্যক্ত করতেন তাঁর মেয়েকে। সে কারণেই আত্মহত্যা কি না, নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিন্‌রাজ্য থেকে কী ভাবে মেয়ের দেহ ফিরিয়ে আনবেন, তা নিয়ে উদ্বেগে পরিবার। জানা গিয়েছে, দু’বছর আগে বেঙ্গালুরুতে মাদার টেরেসা গ্রুপ অফ ইন্সটিটিউশনে নার্সিং পড়তে গিয়েছিলেন বছর ২০-র দিয়া মণ্ডল। শনিবার সন্ধ্যায় কাঁকসার বাড়িতে দিয়ার এক সহপাঠী ফোন করে জানায় আত্মহত্যা করেছে ওই তরুণী। হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছে তরুণীর ঝুলন্ত দেহ। এক মাত্র কন্যাকে হারিয়ে ভেঙে পড়েন দেবাশিস মণ্ডল। রবিবার সকালে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছেন দেবাশিস মণ্ডল। দেবাশিস জানিয়েছেন, মেয়ের দেহ ঘরে ফিরিয়ে আনার মতো সামর্থ্য তাঁর নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে মেয়ের দেহ নিয়ে বাড়ি ফিরতে পারবেন।