
আর জি কর-কাণ্ডের আবহে ১২ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্যের সমস্ত বেসরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল এবং ডিরেক্টরদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি এই বৈঠকে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনারেটের সিপি, এমএসভিপি, সিএমওএইচদের। বস্তুত সরকারি মেডিক্যাল কলেজগুলিতে জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের জেরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সে দিক থেকে বৃহস্পতিবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
