ব্যান্ডেলে সাইকেল আরোহী তরুণীকে পিষে দিল ট্রাক

0
408
A young woman riding a bicycle in Bandel was crushed by a truck
A young woman riding a bicycle in Bandel was crushed by a truck
হুগলির ব্যান্ডেলে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী তরুণীর মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল মোড় এলাকায়।
ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক জিটি রোড ধরে ব্যান্ডেল মোড় থেকে সাহাগঞ্জের দিকে যাচ্ছিল। এক তরুণী সাইকেল নিয়ে জিটি রোড ধরেই লিচুবাগান এলাকার দিকে যাচ্ছিলেন। পিছন দিক থেকে ট্রাকটি ওই তরুণীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। সেখানেই নিহত তরুণীর ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের বক্তব্য, ধাক্কা মারার পরেই দ্রুত ট্রাক নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করেন চালক।তিনজন যুবক গাড়ি নিয়ে ধাওয়া করে ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করে। পরে ওই চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয় জিটি রোডে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম রিম্পা হরিজন। বয়স ২০। তাঁর বাড়ি ব্যান্ডেল লোকপাড়া এলাকায়।