
অভিবাসন বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ব্রিটেন।এই উত্তপ্ত পরিস্থিতিতে ব্রিটেনে থাকা নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারতীয় হাই কমিশন।
যারা ভারত থেকে ব্রিটেনে যাওয়ার পরিকল্পনা করছেন তাদেরকেও সতর্ক করা হয়েছে।মঙ্গলবার এক্স হ্যান্ডেলে নির্দেশিকা জারি করে হাইকমিশনের তরফে জানানো হয়েছে, কয়েকদিন ধরে ব্রিটেনের বেশ কিছু জায়গায় অশান্তি ও অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ব্রিটেনে যে ভারতীয়রা রয়েছেন এবং যারা ভারত থেকে আসছেন, তাদের ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের কথা বলা হচ্ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় হাইকমিশন। সকলকে নির্দেশ দেওয়া হচ্ছে, স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলোর খবরে নজর রাখুন, তারপর ভ্রমণের সিদ্ধান্ত নিন। যেখানে বিক্ষোভ-প্রতিবাদ সেই জায়গাগুলোয় এড়িয়ে চলুন। কোনও প্রয়োজন হলে হাইকমিশনের এমারজেন্সি নম্বরে যোগাযোগ করুন। উল্লেখ্য, সোমবার ব্রিটেনের বেলফাস্ট, ডার্লিংটন ও প্লাইমাউথে পুলিশের উপর আক্রমণ করা হয়। এছাড়া বেছে বেছে পুড়িয়ে দেওয়া হয় অভিবাসীদের দোকানপাঠ, চলে হামলা। প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
