
রোগীর পরিবার এবং সাধারণ মানুষের প্রবেশে আরও কড়াকড়ি এবার কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজে। সোমবার হাসপাতালের সুপার সুজয় মিস্ত্রির সঙ্গে পুলিশ আধিকারিকরা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।
২৭ সেপ্টেম্বর ওই হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে একগুচ্ছ নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন সুপার। রোগী ছাড়া বিকেল ৫টার পর থেকে হাসপাতালে প্রবেশেও রাশ টানা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আরও সিসি ক্যামেরা বসানোর কথাও জানিয়েছেন হাসপাতালের সুপার। পরিচয়পত্র ছাড়া হাসপাতালের জরুরি বিভাগে আর প্রবেশ করা যাবে না। হাসপাতালে ভর্তি সময় একজনেরই প্রবেশের অধিকার থাকছে। তবে রোগীর অবস্থা গুরুতর হলে সেক্ষেত্রে ২ জন প্রবেশ করতে পারবেন। এছাড়া যেসমস্ত গাড়ি হাসপাতাল চত্বরে পার্কিং থাকছে সেগুলোর জন্য
স্টিকারের ব্যবস্থা করা হচ্ছে। মেডিক্যাল কলেজের হস্টেলে প্রবেশে রেজিস্টারে নাম নথিভুক্ত করতে হবে। হাসপাতালে এখন ২৪০টি সিসি ক্যামেরা রয়েছে, তা বাড়িয়ে ৩২০টি করা হচ্ছে। শুক্রবার রাতে জুনিয়র চিকিৎসকদের হামলার ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সাগর দত্ত হাসপাতাল।
