
তৃণমূল নেতা শওকত মোল্লার ঘনিষ্ট আহসান মোল্লার গলা কাটার হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের ১ নম্বর ব্লকে। জানা গিয়েছে, ভাঙড়ের ১ নম্বর ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা আহসান মোল্লার সোশ্যাল মিডিয়া পোস্টে গলা কেটে খুন করার হুমকির অভিযোগ উঠেছে এক আইএসএফ কর্মীর বিরুদ্ধে।
ইতিমধ্যে ভাঙ্গড় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এলাকায় শওকত মোল্লার ঘনিষ্ট বলেই পরিচিত তিনি। জানা গিয়েছে, আহসান মোল্লা দলের একটি মিটিং এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সে পোস্টেই একটি অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছে। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কোন আইপি অ্যাড্রেস থেকে ওই হুমকি এসেছে তা জানার চেষ্টা চলছে।
