
ভোটগণনার আগের রাতে বিস্ফোরণ ভাঙড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়-২ নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায়।
বিস্ফোরণে গুরুতর আহত আইএসএফের পঞ্চায়েত সদস্য-সহ পাঁচ জন। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। তবে পরে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় পাঁচ জনকেই কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়েছে। সূত্রের খবর, পানাপুকুর এলাকায় বোমা বাঁধার সময়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। বোমা তৈরির সামগ্রী থেকেই বিস্ফোরণ হয়। এর পরেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়েরা। আহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে খবর। বিস্ফোরণের আসল কারণ কী, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর কাশীপুর থানার পুলিশ।








