
লোকসভা ভোট শেষ হতেই ব্যারাকপুরে ফিরল সন্ত্রাসের চেনা ছবি। ভাটপাড়া এবং নৈহাটিতে পর পর বোমা ফাটল শনিবার রাতের অন্ধকারে।
একটি বিজেপি কর্মীর বাড়ির পাশে এবং অন্যটি তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে। বোমাবাজির কারণে রাতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ে’র নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির পাশের মাঠে কেউ বা কারা বোমা ফেলে চলে যান বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়েছে। একে অপরকে দোষারোপ করছে তৃণমূল এবং বিজেপি। একই ভাবে শনিবার রাতেই উত্তেজনা ছড়ায় নৈহাটিতে। সেখানে সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমা পড়ে। সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রাতের নিস্তব্ধ রাস্তায় বোমা ফাটছে। ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা রাস্তা। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল।
