
বহুতলের শৌচালয় থেকে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির মিলন পল্লিতে। পুলিশ সূত্রে খবর, বছর ২৫-র অর্চনা থাপা, শিলিগুড়ির একটি নার্সিংহোমে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, মিলন পল্লির একটি বহুতলে কয়েকজনের সঙ্গে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন ওই নার্স। শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ সেই বাড়ির বাথরুমে নার্সের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।
ঝুলন্ত অবস্থায় সেই দেহ দেখে বাকি আবাসিকরা খবর দেন বাড়ির মালিককে। স্থানীয়দের দাবি, এই মৃত্যুর বিষয়ে পুলিশকে না জানিয়েই অ্যাম্বুলেন্স ডেকে মৃতদেহ পাচারের চেষ্টা করছিল বাড়ির মালিক। পরবর্তীকালে স্থানীয় কাউন্সিলর ও স্থানীয়রা মিলে পুলিশকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়তে হয়। ইটবৃষ্টিও হয়। ইটের ঘায়ে এক পুলিশ কর্মী জখম হন।ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। নার্সিংহোমের মালিককে ঘটনাস্থলে আনার দাবি জানান বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, এই বহুতলে অসামাজিক কাজ হত। অপরিচিত লোকজনের যাতায়াত ছিল। নার্সের মৃত্যুর পিছনে রহস্য থাকতে পারে বলে আশঙ্কা। অভিযোগ খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।
