
ভারতের মাটিতে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সেই সঙ্গে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্য,শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের সমস্তটাই ইসলামি রাজনৈতিক শক্তি, এমন ভাবনা ছাড়তে হবে ভারতকে।এর পরেই দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখার জন্য নয়াদিল্লি এবং হাসিনার করণীয় সম্পর্কেও বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।তিনি বলেছেন, যদি বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত,হাসিনাকে রাখতে চায়, তবে প্রথম শর্ত হল তাঁকে চুপ থাকতে হবে। এর পরেই তাঁর মন্তব্য, বাংলাদেশ যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয়, তখন নয়াদিল্লিকে অবশ্যই চিরাচরিত ধারণার বাইরে বেরোতে হবে।আওয়ামী লীগ ছাড়া বাকি সকলে ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে, এমন ভাবনা ছাড়তে হবে।উল্লেখ্য জনবিক্ষোভের জেরে ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে বিমানে ঢাকা থেকে উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে চলে এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে রয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের তরফেও সরকারি ভাবে তাঁকে প্রত্যর্পণের দাবি জানানো হয়নি নয়াদিল্লির কাছে। এর মধ্যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যার বর্ষপূর্তির আগে ১৩ অগস্ট প্রথম বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে অস্থিরতা এবং ক্ষমতার পালাবদলের ঘটনার প্রসঙ্গ তুলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক হিংসাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিও তুলেছিলেন তিনি।









