
মুর্শিদাবাদের গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের বুথে ঢুকে ভুয়ো এজেন্টকে টেনে হিড়হিড় করে বার করে দিয়েছেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। জানা গিয়েছে মুর্শিদাবাদের ভোটের দিনই গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে সিপিএমের এজেন্টকে মারধর করে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে।
খবর পেয়ে সেখানে পৌঁছন মহম্মদ সেলিম। এরপরই ভুয়ো এজেন্ট ধরা পড়ে মহম্মদ সেলিমের হাতে। হাত ধরে তাঁকে বের করে আনেন বাম প্রার্থী। মহম্মদ সেলিম বলেছেন, ফর্ম চুরি করে তাঁর ও নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বসে আছে। তাদের গ্রেফতারের দাবি তুলেছেন তিনি। যদিও সেক্টর অফিসার তাঁকে গ্রেফতার করছে না। এরপরই লোচনপুরে যান মহম্মদ সেলিম। সেখানে বুথের ২০০ মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তৃণমূলের সঙ্গে। সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। স্থানীয় তৃণমূল নেতা হিটলার সরকার দাবি করেন, চক্রান্ত করছে ওরা। সেলিম কিছু গুন্ডা এনে এসব করছেন।
