
ভুয়ো কৃষকের নামে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফ নুরকে গ্রেফতার করেছে ইডি।
শুক্রবার সিজিও কমপ্লেক্সে ১৪ ঘণ্টা ম্যারাথন জেরার পর দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুই ভাইকে আদালতে তুলে ইডি দাবি করেছে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন সিএ-র বাড়িতে তল্লাশিতে ৩টে ফোল্ডারের খোঁজ মেলে। ফোল্ডার ঘেঁটে জানা যায জ্যোতিপ্রিয় মল্লিককে প্রতিমাসে ১০ লাখ টাকা সুদ দিতেন আলিফ। এমনটাই দাবি ইডির। অভিযোগ ৪টি রাইস মিলকে সামনে রেখে ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আনিসুর, আলিফের অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকা মিলেছে বলে ইডি সূত্রে খবর। নিজেদের চালকলের শ্রমিকদেরই কৃষক দেখিয়ে ধান বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইডির দাবি সেই দুর্নীতির টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। ইডি সূত্রে দাবি, চারটি চালকলের মালিক আনিসুর ও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ আলিফ। ২টো চালকলে তাঁরা ডিরেক্টর, ২টোতে তাঁরা অংশীদার এমনটাই ইডি সূত্রে খবর। দুই ভাইয়ের চালকলে তল্লাশিতে যে যে নথি পাওয়া গিয়েছে তাতে অস্তিত্বহীন কৃষকের নাম রয়েছে। নিজেদের চালকলের কর্মীদের কৃষক সাজিয়ে তাঁদের নামে ধান বিক্রির হিসাব নথিভুক্ত করা হয়েছে বলে দাবি ইডি-র। অভিযোগ কৃষকদের অ্যাকাউন্টে টাকা না গিয়ে সেই টাকা ঢুকেছে আলিফ নুর ও আনিসুর রহমানের অ্যাকাউন্টে। ইডি সূত্রে খবর দুই ভাইয়ের অ্যাকাউন্ট থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের ৩ অ্যাকাউন্টে এক কোটি টাকা পাঠানো হয়েছিল।
