
ভোট পরবর্তী হিংসায় রাজ্যজুড়ে দিকে দিকে আক্রান্ত শাসক-বিরোধী সবপক্ষের কর্মী-সমর্থকরা। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মাঝেরহাট এলাকায় দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে।
পাল্টা তৃণমূলও আইএসএফ কর্মীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে। নিউটাউনে পার্টি অফিসের সামনেই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর সঙ্গে দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।অন্যদিকে কৃষ্ণনগরের মনীন্দ্রপল্লি এলাকায়বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় তিন মহিলা সহ চারজন জখম হয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। একইভাবে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার মুকুন্দপুরে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিকে কুলতলি বিধানসভার গোপালগঞ্জে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে গিয়ে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।









