
ভোটার তালিকায় কারচুপি করার কোনও জায়গাই নেই।আম আদমি পার্টি-সহ বিরোধীদের অভিযোগ খারিজ করে জানিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মঙ্গলবার দিল্লি বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর আগে ভোটারের সংখ্যা বাড়ানো কমানো, ভোটার তালিকায় নাম বাদ দেওয়া থেকে শুরু করে ইভিএম কারচুপি-সহ বিস্তর অভিযোগ এনেছে বিরোধীরা। এদিন অভিযোগ ধরে ধরে যুক্তি দেখিয়ে তা নস্যাৎ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেছেন, ভোটার তালিকায় বেআইনিভাবে নাম সংযোজন বিয়োজন করার অভিযোগ আনা হয়েছে। এও বলা হয়েছে, কিছু নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ইভিএম নিয়ে এর আগে জবাব দেওয়ার পরেও ফের ইভিএম কারচুপির অভিযোগ আনা হয়েছে। ভোট প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন উঠেছে, তাকে সম্মান জানিয়েই তিনি বলছেন, প্রশ্ন তোলার অধিকার গণতন্ত্রে রয়েছে। সমস্ত অভিযোগের নিস্পত্তি করা হবে।এরপরেই রাজীব কুমার বলেছেন, ভোটার তালিকা সমস্ত রাজনৈতিক দলকে সামনে রেখেই প্রস্তুত করা হয়। এমনকি তাদের আপত্তি জানানোর সুযোগও থাকে। ফর্ম ৭ পূরণ না করলে কোনওভাবেই নাম বাদ দেওয়া যায় না।ইভিএম প্রসঙ্গে রাজীব কুমার বলেছেন,অন্ততপক্ষে ৪২টি ক্ষেত্রে আদালত জানিয়েছে, ইভিএম হ্যাক করা সম্ভব নয়।
আর তাই ইভিএম কারচুপির অভিযোগ ভিত্তিহীন। ভোটদানের হারেও বদল করা সম্ভব নয়।
