
ভোটের মধ্যেই জেলায় জেলার হিংসার ছবি। রানিনগরে বাম-কংগ্রেসের মিছিলে বোমা হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের হয়ে রানিনগরের পানিপিয়া এলাকায় প্রচার করছিলেন বাম-কংগ্রেসকর্মীরা। অভিযোগ সেই সময় মিছিলের পিছন দিকে বোমা হামলা চালানো হয়। বাম-কংগ্রেসের অভিযোগ তৃণমূল কর্মী নুরাবুল শেখের দলবল এই হামলা চালিয়েছে। বুধবারই নুরাবুল শেখ জোট ছেড়ে সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এদিকে মুর্শিদাবাদেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে রঘুনাথগঞ্জের ভৈরব টোলা এলাকা। তণমূলের দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর জল জীবন জল মিশন প্রকল্পের জলের লাইন দেওয়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে গণ্ডগোলে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির মালিক পাড়ায়। সংঘর্ষে এক বিজেপি কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ বাড়িতে জলের লাইন না দিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে জলের লাইন দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদ করায় তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ।








