
ভোট চাইতে গেলে বিজেপির কাছে রিপোর্ট কার্ড চাইবেন। পুরুলিয়ার নির্বাচনী মঞ্চ থেকে এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার শান্তিরাম মাহাতোর সমর্থনে বাঘমুণ্ডিতে প্রচারে গিয়ে জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন, জ্যোতির্ময় সিং মাহাতো ভোট চাইলে লক্ষ্মীর ভাণ্ডার এবং অভিন্ন দেওযানি বিধি নিয়ে প্রশ্ন করবেন। পুরুলিয়াবাসী ১০০ দিনের টাকা না পাওয়ার অভিযোগ জানাচ্ছেন। সাধারণ মানুষ তাঁর কাছে বলেছেন, ২০১৯ সালে বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছেন। সন্দেশখালির ঘটনা নিয়ে গঙ্গাধর কয়ালকে কটাক্ষ করে বিজেপিকে একহাত নিয়েছেন তিনি। ১০০ দিনের টাকার পাশাপাশি, আবাসের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ করেছে বিজেপি। জনগণের ভোট নিয়ে জনগণকে ঠকিয়েছে বিজেপি। তিনি বলেছেন, পুরুলিয়ায় বিনামূল্যে রেশন দেওযা হচ্ছে ২৯ লক্ষ ৬০ হাজার ৭৩৬ জনকে। প্রতি বছর ২ হাজার ৫৭৪ কোটি টাকা খরচ করে রেশন দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আগে চাষের জমিতে জল পৌঁছত না। এখন চাষের জমিতে জল পৌঁছেছে, গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে। সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, কৃষক বাজার হয়েছে। তফসিলিবন্ধু চালু হয়েছে।
