
ব্যারাকপুরে অর্জুন সিংয়ের হারের পরেই বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, মহিলা সদস্যদের মারধরের অভিযোগে উত্তপ্ত ব্যারাকপুর। বিজেপি নেতার বাড়িতে গন্ডগোলের ভিডিও ফুটেজ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং।
অভিযোগ মঙ্গলবার ভোটের ফল ঘোষণার পর ব্যারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানো হয় বিজেপি নেতার বাড়িতে। টব ছুড়ে মারার পাশাপাশি ইট ছোড়া হয়। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামেও বিজেপি সমর্থকদের একাধিক বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ক্যানিংয়ের কাঠপোল এলাকায় বিজেপি নেত্রীর মা ও স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ মঙ্গলবার রাতে জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভানেত্রী মামনি দাস-র ক্যানিংয়ের বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয়ে তাঁর স্বামী অসীম দাসকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাঁর চোখে গুরুতর আঘাত লেগেছে। সেই সময় বিজেপি নেত্রীর মা ঠেকাতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই দুইজনকে প্রথমে ক্যানিং হাসপাতাল এবং পরে কলকাতায় নিয়ে যাওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। নরেন্দ্রপুরেও বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পোলিং এজেন্ট সমীর মিস্ত্রির বাড়িতেও ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
