
তাঁকে অসম্মান করে কেউ নির্বাচনী ফায়দা তুলতে চাইলে ঈশ্বর তাঁদের মঙ্গল করুক। বৃহস্পতিবার সন্ধেয় তাঁর সম্পর্কে ওঠা শ্লীলতাহানির অভিযোগে লিখিত বিবৃতিতে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তাঁর কথায় অদশ্য অঙ্গলিহেলনে তাঁর বিরুদ্ধে পরিকল্পিত বয়ান তৈরি করা হচ্ছে। কারোরই নাম না করে কার্যত রাজ্যের শাসকদল তৃণমূলের দিকে আঙুল তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের লিখিত বিবৃতির পরের অংশটা খুবই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। যেখানে রাজ্যপাল বলেছেন কেউ যদি কিছু ভোটের রাজনীতির ফায়দা তুলতে তাকে অসম্মান করতে চায় তবে তিনি একটাই মন্তব্য করতে পারেন ভগবান মঙ্গল করুন। একইসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়ে দিয়েছেন এসব করে তাঁকে পশ্চিমবঙ্গের সীমাহীন দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বিরত করা যাবে না। তিনি সত্যের পথে আছেন এবং সেই লড়াই চালিয়ে যাবেন। একইসঙ্গে রাজভবন থেকে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে সেখানকার কর্মরত সমস্ত কর্মী রাজ্যপালের প্রতি সম্পূর্ণ আস্থা জানিয়েছেন। ২ জন অসৎ কর্মচারী রাজনৈতিক দলের হয়ে বিশেষ উদ্দেশ্যে রাজ্যপালকে অসম্মানিত করার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কাজ করেছেন বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।
