
বিজেপি করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মথুরাপুরের কৃপারামপুরে। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুরের এক নম্বর ব্লকের দক্ষিণ নারায়ণপুর অঞ্চলের কৃপারামপুরে বিজেপি কর্মীদের বাড়িতে লাঠি নিয়ে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী।
বিজেপি কর্মীদের বাড়ি, গাড়ি, আসবাবপত্র ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আহতদের হাসপাতালে নিয়ে যেতেও ভয় পাচ্ছেন তাঁরা। স্থানীয়সূত্রে খবর, গত লোকসভা ভোটে লক্ষীনারায়ণপুর এলাকার প্রায় চল্লিশটি পরিবার বিজেপিকে সমর্থন করেছিল। তারপরেই তাদের উপরের অত্যাচার শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কিছু বিজেপি কর্মীরা ঘর ছাড়া রয়েছে। মথুরাপুর থানা ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি শ্যামল কুমারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।






