
আর জি কর-কাণ্ডের আবহে মধ্যমগ্রামের বাদুতে অজ্ঞাতপরিচয় এক মহিলার বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন সকালে মধ্যমগ্রাম থানার এক বেসরকারি কলেজের পাশের বাণিকন্ঠক খাল থেকে উদ্ধার হয় এক মহিলার বস্তাবন্দী পচা গলা দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ ও রাজ্য পুলিশের ডগ স্কোয়াড। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত জেলা হাসপাতালে। স্থানীয়দের অনুমান, নির্জন এলাকার সুযোগ নিয়ে অন্যত্র খুন করে বস্তাবন্দী মহিলার দেহ বাণীকন্টক খালে ফেলে দিয়ে যেতে পারে দুষ্কৃতিরা। বৃহস্পতিবার সকালে পুরসভার কর্মীরা খাল পরিষ্কার করতে এসে ওই বস্তাবন্দী দেহ দেখতে পান। দেহটির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। এদিকে এই নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স পোস্টে লিখেছেন, রাজ্যের একের পর ঘটনায় মহিলাদের অবস্থা বোঝা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে মহিলারা কতটা অসুরক্ষিত।
