
হাওড়ার ডোমজুড়ে মন্দির তৈরির নামে চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে মদ্যপ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাদ যায়নি পথচলতি যুবক এবং মহিলারাও।
ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ডুমুরজলা স্টেডিয়ামের পাশে সরকারি জমিতে মন্দির তৈরির জন্য পথচলতি মানুষের থেকে তোলাবাজি এবং মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ মদ্যপ দুষ্কৃতীরা গাড়ি দাঁড় করিয়ে তোলা তুলতে থাকে। হাওড়ার এক বিশিষ্ট চিকিৎসকের কাছে ২ হাজার টাকা তোলা চায় দুষ্কৃতীরা। দিতে না চাওয়ায় চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে আটকে রাখাও হয় বলে অভিযোগ। কোনওক্রমে সেখান থেকে চ্যাটার্জি হাট থানায় ফোন করলে পুলিশ গিয়ে উদ্ধার করে চিকিৎসককে । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
