
মন্দির বানিয়ে ছবি রেখে পুজো করা উচিত। নরেন্দ্র মোদীর বায়োলজিক্যাল মন্তব্যে এভাবেই খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মথুরাপুরের সভা থেকে তৃণমূল নেত্রী বলেছেন নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছেন নরেন্দ্র মোদী। তবে তো মন্দির বানিয়ে ছবি রেখে পুরোহিত দিয়ে পুজো করতে হবে। তৃণমূল নেত্রীর প্রশ্ন নরেন্দ্র মোদী বলছেন তিনি বায়োলজিক্যাল জন্মান নি, তবে কি আকাশ থেকে পড়েছেন। বলছেন ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন। এরপরেই আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঈশ্বর কি হিংসা করতে পাঠায়। না ঈশ্বর মিথ্যে কথার বিজ্ঞাপন দিতে পাঠান। এধরণের মনগড়া কথা না বলে রাজনীতি নরেন্দ্র মোদীকে ছাড়তে বলেছেন তিনি। কাশীতে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেছেন ঈশ্বর তাঁকে বিশেষ কাজের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি বিশ্বাস করতে শুরু করেছেন জৈবিক পদ্ধতিতে তাঁর জন্ম হয়নি।









