মন ভাল নেই হলদি-র তীরে নন্দীগ্রামের

0
448
mon valo nei nandi gram er
mon valo nei nandi gram er

বুদ্ধদেব ভট্টাচার্য-র মৃত্যুতে মন ভাল নেই রাজ্য রাজনীতির পালাবদলের সাক্ষী নন্দীগ্রামের। কেমিক্যাল হাব তৈরি করে কর্মসংস্থানের দিশা দেখাতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নন্দীগ্রামকে স্বপ্ন দেখানোর স্বপ্নদ্রষ্টা বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন চিরতরে।

২০০৭-এ জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠা সিঙ্গুরের সঙ্গেই উত্তপ্ত হয়ে ওঠে হলদি নদীর তীরের নন্দীগ্রামও। তিনি সচেষ্ট হয়েছিলেন হলদিয়া শিল্পাঞ্চলের মতই হলদি নদীর পাড়ে শিল্পস্থাপনে। কেমিক্যাল হাবের জন্য প্রয়োজন ছিল ১০ হাজার একর জমি। কিন্তু চাষের জমিতে কারখানা তৈরিতে নারাজ ছিল কৃষকরা। এরপরেই শুরু হয় আন্দোলন। ২০০৭-র ১৪ মার্চ নেমে আসে সেই কালো দিন। পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৪ জন আন্দোলনকারীর মৃত্যু হয়। আর তাতেই ৩৪ বছরের বাম সরকারের পতন হয়। কিন্তু সেদিনের সেই আন্দোলনের পর হলদি নদী দিয়ে গড়িয়েছে অনেক জল। এখন নন্দীগ্রামবাসীরাই মনে করছেন সেদিন কেমিক্যাল হাব হলে হয়ত নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরের অর্থনৈতিক কাঠামোই বদলে যেত। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের দিনে সেই প্রসঙ্গই উঠে আসছে।