
ময়নায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারে সিবিআই তদন্তের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি মযনায় বিজয় ভুঁইয়া খুনে এনআইএ তদন্তের আদালতের নির্দেশের জন্যই এই তৃণমূল এই কাণ্ড করেছে।
তাঁর কথায় যেভাবে দীনবন্ধ মিদ্যার দেহ মিলেছে তাতে স্পষ্ট খুন করা হয়েছে। সঠিক ময়নাতদন্ত হলেই সব পরিষ্কার হয়ে যাবে। খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হলে মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে কেন্দ্রের অধীন হাসপাতালে ময়নাতদন্তের আপত্তি জানিয়েছে আদালত। বিচারপতি বলেছেন এখনই এটা বলতে গেলে লিখতে হবে ভেঙে পড়েছে রাজ্যের পরিকাঠামো। তদন্তভার রাজ্যপুলিশের হাতেই থাকছে। পাশাপাশি দেহ সংরক্ষণ করে রাখার নির্দেশও দিয়েছেন। পরিবারের দাবি বুধবার থেকে নিখোঁজ গোড়ামহল গ্রামের বাসিন্দা বছর ২২-র দীনবন্ধু মিদ্যা। ময়না থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে পানের বরোজে দীনবন্ধুর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।








