
মহারাষ্ট্রে মহিলাদের পর এবার পুরুষদের আর্থিক সহায়তার জন্য লাডলা ভাই যোজনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।
এই প্রকল্পে স্নাতক পড়ুয়াদের প্রতিমাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আষাড়ি একাদশী উপলক্ষে পূর্ব মহারাষ্ট্রের বিট্টল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। এরপরে মন্দির চত্ত্বরে এক জনসভা করেন শিবসেনা নেতা। সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মহারাষ্ট্র সরকার নতুন এক প্রকল্প শুরু করতে চলেছে যা ছেলেদের জন্য। এই প্রকল্পে দ্বাদশ শ্রেণি পাশ প্রত্যেক যুবককে প্রতি মাসে ৬ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। যারা ডিপ্লোমা করেছেন তাঁরা পাবেন মাসিক ৮ হাজার টাকা এবং প্রত্যেকে স্নাতক যুবককে মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আর কয়েক মাস পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন তার আগে একনাথ শিণ্ডের এই ঘোষণায় রাজনীতিবিদদের দাবি, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে এনডিএ জোটের ধাক্কা যাতে বিধানসভায় এসে না পড়ে তার জেরেই এই উদ্যোগ।
