মহারাষ্ট্রে শাসকজোটে শরিকি সংঘাত

0
224

জোটশরিক শিবসেনার বিদায়ী বিধায়ক সদা সরভনকর নন, মুম্বইয়ের মাহিম বিধানসভা কেন্দ্রে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের পুত্র অমিত ঠাকরেকে সমর্থনের ঘোষণা করেছে বিজেপি। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে এই ঘটনার জেরে টানাপড়েন শুরু হয়েছে শাসকজোট মহাজুটি’র অন্দরে। 

২০০৯ সালের বিধানসভা ভোটে দক্ষিণ-মধ্য মুম্বইয়ের মাহিম আসনে জিতেছিলেন এমএনএস প্রার্থী। ২০১৪ এবং ২০১৯-এর বিধানসভা ভোটে অবিভক্ত শিবসেনার সদা সরভানকর জিতলেও এমএনএস প্রার্থীর সঙ্গেই তাঁর মূল লড়াই হয়েছিল।

এবার ওই আসনে রাজ-পুত্র অমিত এবং একনাথ শিন্ডের শিবসেনার সদা সরভানকরের পাশাপাশি রয়েছেন উদ্ধব ঠাকরের শিবসেনার মহেশ সাওয়ন্ত।এই পরিস্থিতিতে মুম্বই বিজেপির তরফে প্রকাশ্যে অমিত ঠাকরেকে সমর্থনের ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছে একনাথ শিন্ডে শিবির। সদা সরভানকরের প্রার্থিপদ প্রত্যাহারের সম্ভাবনা উড়িয়ে তাদের যুক্তি, সেক্ষেত্রে পুরো ভোট উদ্ধব ঠাকরের শিবসেনার দিকে চলে যাবে। প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা ভোটেও রাজ ঠাকরের দল না-লড়ে নিঃশর্তে সমর্থন করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে।

ছবি  সৌজন্যে : এক্স