
মাওবাদী যোগের অভিযোগে আসানসোল এবং পানিহাটিতে একযোগে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স র সদস্যদের নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনআইএ আধিকারিকেরা।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, সুদীপ্তা পাল এবং শিপ্রা চক্রবর্তী নামের দুই মহিলার বিরুদ্ধে মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই এই অভিযান।জানা গিয়েছে সুদীপ্তা এবং শিপ্রা নামের দুই মহিলা আগে আসানসোলে একটি বাড়িভাড়া নিয়ে থাকতেন। বছর পাঁচেক ধরে শিপ্রা আসানসোলে থাকতেন না বলে জানা গিয়েছে। তাঁর আসল বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটির পল্লীশ্রী এলাকায়। মঙ্গলবার সেখানেও হানা দেয় এনআইএ এবং এসটিএফ। তল্লাশি অভিযান চলছে আসানসোলের ডিসেরগড় এলাকাতেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদীপ্তা এবং শিপ্রা নানা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। কয়লাখনির শ্রমিকদের অধিকারের দাবিতেও সামনের সারিতে দেখা গিয়েছিল তাঁদের। অধিকার নামক একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। পরে মজদুর অধিকার নামে একটি সংগঠন শুরু করেন এবং কয়লাখনির শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে তাঁরা আন্দোলন করেন। এ ছাড়াও একাধিক মানবাধিকার সংক্রান্ত বিষয়েও সুদীপ্তা এবং শিপ্রাকে সরব হতে দেখেছেন স্থানীয়রা।অভিযোগ, ছত্তীসগঢ়ের মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন সুদীপ্তা এবং শিপ্রা। তবে তাঁদের সঙ্গে আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্তি কি না, তা-ও খতিয়ে দেখছে এনআইএ।






