
আর জি করের ঘটনার প্রতিবাদে কোচবিহারের মাথাভাঙায় প্রতিবাদীদের মিছিলের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।মাথাভাঙা শহরের চৌপতিতে বুধবার গণতান্ত্রিক লেখক সংগঠন এবং ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
বহু সাধারণ মানুষ তাতে শামিল হয়েছিলেন। রাস্তা জুড়ে প্রতিবাদের প্রতীকী ছবি এঁকেছিলেন শিল্পীরা। অভিযোগ, কর্মসূচি চলাকালীন আচমকা ঘটনাস্থলে হাজির হন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। তাঁরা প্রতিবাদীদের মারধর করেন এবং ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। তাঁদের সঙ্গে প্রতিবাদীদের কথা কাটাকাটিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ, রাস্তায় আঁকা প্রতিবাদের ছবি জল ঢেলে মুছে দেন তৃণমূল কর্মীরা। এ প্রসঙ্গে আয়োজকদের এক জন বলেন, গণসংগঠনের তরফে আমরা আরজি করের প্রতিবাদে কর্মসূচির আয়োজন হয়েছিল। এর মধ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, তৃণমূল এখন মোমবাতির তাপও সহ্য করতে পারছে না। তাই তাঁরা জোর করে তা নেভানোর চেষ্টা করছে।কোচবিহারের ঘটনায় মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তাঁর বক্তব্য, ”মাথাভাঙার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছে তৃণমূল। যারা করেছে পুলিশ ব্যবস্থা নিক।
