
মালদায় ডেঙ্গি আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে,কালিয়াচক ২ নম্বর ব্লকের মীরপাড়ায় বছর তেইশের মীর আকবর আলি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন।
গ্রামীণ চিকিৎসকের কাছে ওষুধ খেয়েও জ্বর না কমায় তাকে মোথাবাড়ির বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতির পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।খবর , ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর ডেঙ্গি আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যুর কথা জানিয়েছেন। সব মিলিয়ে জেলা জুড়ে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গি।উল্লেখ্য চলতি বছরে মালদায় ১ হাজার ৭৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ । রাজ্যে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা নিরিখে মালদা এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে।জানা গেছে কালিয়াচক, ইংরেজবাজার ও রতুয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক।








