
মালদার কালিয়াচকে পরকীয়া সন্দেহে এক যুগলকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। আটকাতে গেলে পুলিশের উপরেই পাল্টা চড়াও হন গ্রামের লোকজন।
পরে পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে খবর, আমবাগানে দাঁড়িয়ে এক যুগলকে কথা বলতে দেখে গ্রামের লোকজন সন্দেহ করেন, তাঁদের মধ্যে পরকীয়া সম্পর্ক রয়েছে। যুগলকে আটক করে রাস্তায় নিয়ে আসা হয়। বসে সালিশি সভা। তার নিদান অনুযায়ী, ওই যুবক এবং তরুণীকে রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে ফেলে শুরু হয় মারধর। খবর পেয়ে রাতেই গ্রামে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। কিন্তু যুগলকে উদ্ধারে গিয়ে উত্তেজিত জনতার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন পুলিশকর্মীরা। অভিযোগ, পুলিশের উপর হামলা চালানো হয়। পুলিশকর্মীদেরও লাঠিসোটা দিয়ে মারধর করেন গ্রামবাসীরা। ছোড়া হয় ইট। আইসির গাড়িতেও ভাঙচুর করা হয়। পাল্টা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যুগলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।
পুলিশের কাজে বাধার অভিযোগে এখনও পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। মঙ্গলবারের ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি।




