মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু মুম্বইয়ে  

0
898
মুম্বইতে কাজে গিয়ে মৃত্যু হয়েছে মালদার পরিযায়ী শ্রমিকের। মৃত বছর ২৭-র এজাজুল মোমিন, কালিয়াচক জালালপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা।
জানা গিয়েছে, দিন পনেরোর মধ্যে বাড়ি ফিরে আসার কথা ছিল এজাজুলের। কিন্তু তার বদলে মালদার গ্রামে সাদা কাপড়ে মোড়া নিথর দেহ ফিরছে পরিযায়ী শ্রমিকের। পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে সন্তানদের নিয়ে চিন্তায় দিশেহারা শ্রমিকের স্ত্রী। পরিবার সূত্রে খবর, দু’মাসের চুক্তিতে স্থানীয় এক ঠিকাদার সংস্থার মাধ্যমে মুম্বইয়ে কাজ করতে গিয়েছিলেন এজাজুল মোমিন। রায়গড় জেলার পানভেল সিটির অদূরে খারগড় এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে বাঁশ বাঁধার কাজ করার সময় ১২ তলা ছাদ থেকে পড়ে যান তিনি। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর। তাঁরাই এজাজুলের বাড়িতে ফোন করে ঘটনাটি জানান। খারগড় এমজিএম হাসপাতালে দেহ ময়নাতদন্তের পর সহকর্মীদের হেফাজতে তুলে দেওয়া হয়।