
নিরাপত্তা সম্মেলনের শুরুর আগেই জার্মানির সেন্ট্রাল মিউনিখের ভিড় রাস্তায় আচমকাই হুড়মুড়িয়ে গাড়ি নিয়ে উদ্বাস্তু আফগান যুবকের ঢুকে পড়ার ঘটনায় আহত হয়েছেন শিশু সহ অন্তত ২৮ জন। আহতদের কয়েক জনের অবস্থা সঙ্কটজনক।
অভিযুক্ত চালককে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, ঘাতক গাড়ির চালক ২৪ বছরের এক আফগান। সেন্ট্রাল মিউনিখের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জুতো, বাচ্চাদের প্যারাম্বুলেটর, ব্যাগ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় রাস্তায় প্রতিবাদ মিছিল করছিলেন একটি কর্মচারী সংগঠনের সদস্যেরা। মিউনিখ পুলিশের মুখপাত্র ক্রিস্টিয়ান হুবের জানিয়েছেন, মিছিলের কারণে রাস্তায় টহল দিচ্ছিল পুলিশের গাড়ি। পিছন থেকে একটি গাড়ি এসে পুলিশের গাড়িকে ওভারটেক করে সামনে চলে যায়। তার পরে বেপরোয়া ভাবে মিছিলের মধ্যে ঢুকে পড়ে। তার ধাক্কায় ছিটকে পড়তে থাকেন পথচারীরা। সঙ্গে সঙ্গে ঘাতক গাড়িটিকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে পুলিশ। তার পরে চালককে গ্রেফতার করা হয়। শুক্রবার থেকে মিউনিখে শুরু হচ্ছে তিন দিনের মিউনিখ নিরাপত্তা সম্মেলন। তাতে যোগ দেওয়ার কথা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-সহ রাষ্ট্রপ্রধানদের। সেই জন্য কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে এই শহর।
তার মধ্যেই সম্মেলনস্থল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ঘটেছে এই হামলা। মিউনিখের মেয়র ডায়টর রেইটর ঘটনার নিন্দা করে জানিয়েছেন, তিনি স্তম্ভিত।







