
আর জি কাণ্ডের প্রতিবাদে এবিভিপি-র স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সল্টলেক। মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টির মধ্যেই সিটি সেন্টার ওয়ান থেকে মিছিল শুরু করে এবিভিপি সমর্থকরা। জল জমা রাস্তায় বৃষ্টিতে ভিজে এবিভিপির সমর্থকরা ইন্দিরা ভবনের কাছেই পৌঁছতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপরেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এরপরেই আন্দোলনকারীদের ধাওয়া করে পুলিশ। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে। অন্যদিকে বিজেপির হাওড়া ব্রিজ অভিযান কর্মসূচিতেও উত্তেজনা ছড়ায়। সেতুতে ওঠার মুখে আটকে দেয় পুলিশ। বসানো হয় ব্যারিকেড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ। সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাত সহ কয়েক জনকে আটক করে পুলিশ। গড়িয়াহাটেও আরজি করকাণ্ডের প্রতিবাদে রাস্তায় ছিলেন রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পালরা। বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় যান চলাচল। অন্যদিকে বারাসতে জেলাশাসকের দফতরে সিটুর মিছিল ঘিরেও উত্তেজনা ছড়ায়। ব্যারিকেট উল্টে দেয় সিটুর কর্মীরা। বিক্ষোভকারীদরে সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায় । অন্যদিকে সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কংগ্রেস কর্মীদের লালবাজার অভিযান ঘিরেও ধর্মতলায় উত্তেজনা ছড়ায় ।
