
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মিম ছড়ানোর অভিযোগ। এআই প্রযুক্তির ব্যবহারে তৈরি করা ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি মঞ্চে মুখ্যমন্ত্রী নাচ করছেন।
এরপরই অভিযুক্তদের সতর্ক করে সোমবার এক্স হ্যান্ডেলে নোটিস জারি করেছে লালবাজার সাইবার ক্রাইম। এক্স হ্যান্ডেল ব্যবহারকারী দুই ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর, বিদ্বেষপূর্ণ এবং উসকানিমূলক মিম পোস্ট করার অভিযোগ উঠেছে। সোলজার্স স্যাফ্রন সেভেন নামে এক ব্যবহারকারীর এক্স হ্যান্ডেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মিম শেয়ার করা হয়। সংশ্লিষ্ট ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিসে। সেই সঙ্গে এও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামীদিনে এই ধরণের কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এখন সোশ্যাল মিডিয়ায় একটি মিম বেশ ভাইরাল। যাতে দেখা যাচ্ছে,কোনো এক বিখ্যাত ব্যক্তি স্টেজের পেছন থেকে দর্শকদের সামনে হেঁটে আসছেন। এসে তুমুল পারফর্মও করছেন। তারকারা নিজেদের মুখাবয়ব জুড়ে বানানো এই ভিডিও শেয়ারও করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে বানানো এই মিমটি বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে।স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন এই মিমের মূল ভিডিওটি আসলে কার?জানা গেছে ভিডিওটি জনপ্রিয় মার্কিন র্যাপার লিল ইয়াটির। ২০২১ সালে লিরিক্যাল লেমোনেড সামার স্ম্যাশ কনসার্টে তার স্টেজে এন্ট্রির ভিডিও ক্লিপটি তখনই নেট জগতে ভাইরাল হয়েছিলো।
