
মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নৈহাটিতে বড় মা পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। উপস্থিত ছিলেন নৈহাটির নতুন বিধায়ক সনৎ দে, মন্দির কমিটির সদস্যরা।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় নৈহাটিতে গিয়ে বড় মাকে পুজো দিয়েছিলেন। এরপরেই একাধিক উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন। নৈহাটির ফেরিঘাটের নাম বড়মার নামে করার কথা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন এমপি ল্যাডের ১০ লাখ টাকা ব্যয়ে সেজে উঠবে নৈহাটির ঘাট। বসানো হবে হাইমাস্ক লাইট। পাশাপাশি চিকিৎসা পরিষেবার উন্নয়নে নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি পরিষেবা চালুর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আইনশৃঙ্খলা রক্ষায় বড়মা পুলিশ আউটপোস্ট তৈরির কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বুধবার বড়মা মন্দিরের তৃতীয় তলে বড়মা পুলিশ আউটপোস্টের উদ্বোধন করেছেন পুলিশ কমিশনার।
