
মুম্বইয়ে একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন চাপা পড়ে গিয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, রুবিনিসা মঞ্জিল নামে ওই বাড়িটি পাঁচ তলা। ৩০-৪০ জন থাকেন ওই বহুতলে। শনিবার সকালে বহুতলটির তৃতীয় এবং চতুর্থ তলার এক দিকের অংশ ব্যালকনি-সহ ভেঙে পড়ে। স্থানীয়েরাই কংক্রিটের চাঙড় সরিয়ে কয়েক জনকে উদ্ধার করেন। তবে এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আর সাত-আট জন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বহুতলটির সামনের দিকের অংশ বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে। যে কোনও মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে, এই আশঙ্কায় আশপাশ থেকে লোকজনকে সরিয়ে দিয়েছে পুলিশ। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের নীচে কোনও পথচারী চাপা পড়েছেন কি না, তা স্পষ্ট করতে পারেনি পুলিশ। তবে দ্রুত উদ্ধারকাজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।
