
মুম্বই হামলার ষড়যন্ত্রীর নিশানায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত ব্যক্তি কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রেইকিও করে বলে দাবি করেছে কলকাতা পুলিশ।
সোমবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।লালবাজারের তরফে জানানো হয়েছে, মুম্বই হামলার ওই ষড়যন্ত্রীর নাম রাজারাম রেগি। রাজারাম কেন কলকাতায় এসেছিল,ভিডিয়োগ্রাফি করে তার তদন্ত শুরু হয়েছে।পুলিশের তরফে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেছিল ষড়যন্ত্রী রাজারাম রেগি। তার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ঘুরে যায় রাজারাম রেগি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও রাজারাম রেইকি করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।সেইসঙ্গে এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। কলকাতা পুলিশ জানিয়েছে নিরাপত্তা বৃদ্ধি করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
