মুর্শিদাবাদে বোমায় নিহত তৃণমূল কর্মী

0
223
মুর্শিদাবাদের সালারে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বোমার আঘাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে এই খুন হয় বলে দাবি।
পুলিশ সূত্রে খবর মৃত তৃণমূল কর্মী বছর ৫৫-র এলাই শেখ। জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মী ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামী। অন্যদিকে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা বিধায়ক হুমায়ুন কবীর গোষ্ঠী হিসেবে পরিচিত। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পরই খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শুধু সালার নয়, রানিনগর থানার শেখপাড়া কলেজপাড়া এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির ১০০ মিটার দূরে মাঠের মধ্যে সোমবার রাতে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়।‌ সে সময় বিকট আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। ভয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
তবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ।

ছবি সৌজন্যে : নিজস্ব