
রাজভবনে বোমা বন্দুক মজুত রয়েছে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যকে মূর্খের অর্থহীন প্রলাপ বলে শেক্সপিয়রের ম্যাকবেথ থেকে উদ্ধৃত করে পাল্টা আক্রমণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে কোথাও বোমা-বন্দুক রাখা আছে কিনা তা দেখার জন্য রবিবার ভোর থেকে রাজভবনের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পরিদর্শনের জন্য।
সাংসদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক মিলিয়ে ১০০ জনের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে সংশ্লিষ্ট সাংসদকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। রাজ্যপাল বলেছেন এইধরণের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জনগণকে বিভ্রান্ত করবে। কেউ যাতে এই ধরণের মন্তব্য না করেন তা দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী। সিভি আনন্দ বোস আরও বলেছেন এই ধরণের মন্তব্য রাজভবন সম্পর্কে মানুষের ধারণায় আঘাত করে। আক্রমণ করে বলেছেন মাননীয় সাংসদ ভোটের সময় হিংসার পরিবেশ তৈরি করতে চাইছেন। প্রশ্ন তুলেছেন বিহারের ফলাফল দেখে তিনি কি কাঁপছেন। দিল্লির নেতাদের মন্তব্যে সাংসদ অস্বস্তি বোধ করলে সেটা তাঁর রাজনৈতিক দুর্ভাগ্য। এরমধ্যে রাজভবন ও রাজ্যপালকে টেনে আনা অনুচিত। তিনি খতিয়ে দেখছেন এই মন্তব্য ঘৃণা ভাষণের আওতায় পড়ে কিনা। তারপরে আইনি পদক্ষেপের বিষয়টি দেখা হবে। তিনি চান বাংলার ভোট হোক ব্যালটে, বুলেটে নয়। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন রাজভবন যেহেতু কলকাতা পুলিশের নিরাপত্তার আওতায় তাহলে কীভাবে রাজভবনে অস্ত্র ঢুকল তা নিয়েও তদন্ত হওয়া উচিত।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালকে বেলাগাম আক্রমণ করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেছিলেন উনি বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করুন। রাজভবনে বসে ক্রিমিনালদের ডেকে বন্দুক-বোমা ধরিয়ে দিয়ে বলছেন তৃণমূলকে মেরে আসতে।








