
মাত্র ১৫ বছর বয়সে গির্জার শিক্ষা অনলাইনে ছড়িয়ে দেওয়ার জন্য ওয়েবসাইট তৈরি করেছিলেন তিনি।মৃত্যুর পর ব্রিটেনের সেই কম্পিউটার প্রডিজি কিশোরই ক্যাথলিক চার্চের সন্ত হতে চলেছেন৷
১৯৯১ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন কার্লো আকুটিস। তিনি ছিলেন কম্পিউটার প্রডিজি।২০০৬ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। কিন্তু মৃত্যুর আগে গির্জার শিক্ষা অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য ওয়েবসাইট তৈরি করেছিলেন তিনি। এরপর থেকে তিনি ঈশ্বরের প্রভাবক হিসেবে পরিচিতি পান। ইতালিতে কার্লো আকুটিসর মৃত্যুর পর তাঁর সমাধি স্থানান্তরিত করে প্রদর্শন শুরু হয়। সেখানে তাঁর ব্যবহৃত বহু জিনিসও রাখা হয়।এরপর ব্রাজিলের এক কিশোর সেখানে গিয়ে কার্লো আকুটিসের একটি টি-শার্ট স্পর্শ করার পরে জানায় তাঁর বিরল অগ্ন্যাশয় রোগ ঠিক হয়ে গিয়েছে।দ্বিতীয় অলৌকিক ঘটনার কথা জানান পোপ ফ্রান্সিস। তিনি জানিয়েছেন, ফ্লোরেন্সের বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া সাইকেল দুর্ঘটনার পরে গুরুতর আহত হয়েছিলেন।এরপর তাঁর মা কার্লো আকুটিসের সমাধিতে গিয়ে প্রার্থনা করেন। কয়েকদিন পর ওই ছাত্রের মা দাবি করেছিলেন যে, তার সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। এমনকি তার মস্তিষ্কের আঘাতও অদৃশ্য হয়ে গিয়েছে।ক্যাথলিক ধর্ম অনুযায়ী, একজন ব্যক্তিকে তখনই সন্ত হওয়ার উপযুক্ত হিসেবে ধরা হয় যখন তার সঙ্গে দুটি অলৌকিক ঘটনা জড়িত থাকে।
