
আত্মরক্ষার জন্য এবার রাজ্যের সমস্ত গ্রামে গ্রামে মেয়েদের ক্যারাটে সহ নানা কৌশলের প্রশিক্ষণ দেবে রাজভবন। বারাসতে ভাইফোঁটার এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই ঘোষণা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজভবনে মেয়েদের আত্মরক্ষার পাঠ দেওয়ার নতুন এই উদ্যোগটির নাম দেওয়া হয়েছে অভয়া প্লাস। জানানো হয়, আপনা ভারত, জাগতা বেঙ্গল প্রকল্পের অধীনে মেয়েদের জন্য শীঘ্রই শুরু হতে চলেছে এই প্রশিক্ষণ। রাজ্যপাল বলেছেন, পশ্চিমবঙ্গে মহিলারা কেউ সুরক্ষিত নন। এর পরেই রাজ্যের মহিলাদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানের শেষে উপস্থিত বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার পর তাদের চকলেটও উপহার দেন রাজ্যপাল।
এর পরেই রাজভবনের মিডিয়া সেলের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যপালের ঘোষণা অনুযায়ী শীঘ্রই গ্রাম ও মফস্বলেও ছড়িয়ে পড়তে চলেছে অভয়া প্লাস। নয়া এই উদ্যোগে মেয়েদের শেখানো হবে আত্মরক্ষার নানা কৌশল। ক্যারাটের পাশাপাশি শেখানো হবে কেরলের ঐতিহ্যবাহী প্রাচীন মার্শাল আর্ট কলারিপায়াট্টু।
ছবি সৌজন্যে : এক্স






