
অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দ্বৈরথের সাক্ষী থেকেছে দেশ।
সোমবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ নিতে যাচ্ছিলেন, তখন নিজের আসন থেকে রাহুল গান্ধী তাঁকে সংবিধানের একটি বই দেখান। আর এই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।এদিন লোকসভা বসার আগেই সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে সংবিধান হাতে নিয়ে বিশাল বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা। সংবিধান দীর্ঘজীবী হোক, সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও স্লোগান ছিল তাদের মুখে। রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানকে বিপন্ন করার যে চেষ্টা চালাচ্ছেন, তা তাঁরা বরদাস্ত করবেন না। তাই তাঁরা শপথ নেওয়ার সময় সংবিধান হাতে রেখেছিলেন।এদিকে, রায়বেরেলির কংগ্রেস সাংসদ হিসেবে লোকসভায় প্রবেশের দিনেই ওয়ানাডের এমপি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী। পাশাপাশি তিনি বিশেষ অধিবেশনে কংগ্রেস-সহ বিরোধীদের কর্মসূচিও বলে দিয়েছেন। সংসদে সরকারপক্ষকে চাপে রাখতে ইন্ডিয়া জোটের দশ দফা কর্মসূচির কথাও জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।রাহুল গান্ধীর দশ দফার মধ্যে রয়েছে, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, রেলযাত্রীদের দুর্দশা, প্রশ্নফাঁস, দুধ, খাদ্যশস্য-মশলা, গ্যাস বাজারের মূল্যবৃদ্ধি, দাবানল, জলসঙ্কট প্রভৃতি। এক্স বার্তায় রাহুল গান্ধী বলেছেন, ইন্ডিয়া জোটের শক্তিশালী বিরোধিতা সরকারকে চাপে রাখার কাজ চালিয়ে যাবে।








